বুধবার ২৯ এপ্রিল ২০২৬ - ১৯:১২
আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ীর স্বাস্থ্য নিয়ে গুজব: ‘সম্পূর্ণ সুস্থ, নিরাপদ ও সক্রিয়’—দপ্তরের শীর্ষ কর্মকর্তার আশ্বস্তবার্তা

ইরানী ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মুজতবা হুসাইনি খামেনেয়ী-এর শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তিকর প্রচারণার প্রেক্ষিতে স্পষ্ট ও আশ্বস্তকারী বক্তব্য দিয়েছেন রাহবারের দপ্তরের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মহসিন কুম্মী।

হাওজা নিউজ এজেন্সি: তিনি এক বিবৃতিতে বলেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করছে যে রাহবার অসুস্থ, এমনকি তিনি কথা বলতেও অক্ষম। পাশাপাশি প্রশ্ন তোলা হচ্ছে—যদি তিনি সুস্থ থাকেন, তবে কেন জনসম্মুখে উপস্থিত হচ্ছেন না বা কেন তাঁর সাম্প্রতিক কোনো ভিডিও প্রকাশ করা হচ্ছে না।

এই প্রসঙ্গে হুজ্জাতুল ইসলাম কুম্মী দৃঢ়তার সঙ্গে জানান, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিছক অপপ্রচার। তাঁর ভাষায়, “শত্রুপক্ষ সুপরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং রাহবারের অবস্থান সম্পর্কে কোনো তথ্য আহরণ করতে এসব গুজব ছড়াচ্ছে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, বাস্তবতা হলো—মহামান্য রাহবার সম্পূর্ণ সুস্থ, নিরাপদ এবং পূর্ণ সক্ষমতার সাথে তাঁর দায়িত্ব পালন করছেন।

বিবৃতিতে সাম্প্রতিক একটি সংবেদনশীল ঘটনার কথাও উল্লেখ করা হয়। জানা যায়, রাহবারের গৃহে সংঘটিত এক নৃশংস মিসাইল হামলার সময় মহান আল্লাহর রহমতে তিনি অল্প কিছুক্ষণ পূর্বেই সংশ্লিষ্ট ভবন ত্যাগ করে বাইরে অবস্থান করছিলেন। ফলে তিনি নিশ্চিত বিপদ থেকে রক্ষা পান। ওই ঘটনায় তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হলেও পরবর্তীতে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন।

হুজ্জাতুল ইসলাম কুম্মী বলেন, “বর্তমানে রাহবার পূর্ণ দৃঢ়তা, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব সরাসরি পরিচালনা করছেন।” তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা সংক্রান্ত রাহবারের বিবৃতিও তাঁর সক্রিয় উপস্থিতি ও সুস্থতার সুস্পষ্ট প্রমাণ।

পরিশেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রাহবারের জীবন ও নিরাপত্তা আমাদের কাছে অমূল্য আমানত। তাই ভিত্তিহীন গুজব ও অপপ্রচারে কান না দিয়ে, ঐক্য, ধৈর্য ও সচেতনতার সঙ্গে সত্যকে ধারণ করাই আমাদের কর্তব্য।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha